তপঃপ্রভাবাদ্ দেবপ্রসাদাচ্চ ব্রহ্ম হ শ্বেতাশ্বতরোঽথ বিদ্বান্ ।
অত্যাশ্রমিভ্যঃ পরমং পবিত্রং প্রোবাচ সম্যগৃষিসঙ্ঘজুষ্টম্ ॥ ২১ ॥
ব্যাখ্যা—শ্বেতাশ্বতর ঋষি তপের প্রভাবে অর্থাৎ সর্ববিধ বিষয়জনিত সুখ পরিত্যাগ করে সংযমময় জীবনযাপনে রত থেকে নিরন্তর পরমাত্মচিন্তনে নিমগ্ন হয়ে পরমেশ্বরের অহৈতুকী দয়ায় তাঁকে অবগত হয়েছিলেন । অতঃপর তিনি ঋষিসমুদয়সেবিত পরম পবিত্র ব্রহ্মতত্ত্ব আশ্রমাভিমানশূন্য, দেহাত্মবুদ্ধিশূন্য প্রকৃত অধিকারিগণের নিকট উপদেশ করেছিলেন । এর দ্বারা বোঝা যায় যে, দেহাভিমানশূন্য সাধকই একমাত্র পরব্রহ্ম পরমাত্মতত্ত্ব উপদেশ শ্রবণের অধিকারী॥ ২১ ॥