ন তত্র সূর্যো ভাতি ন চন্দ্রতারকং নেমা বিদ্যুতো ভান্তি কুতোঽয়মগ্নি ।
তমেব ভান্তমনুভাতি সর্বং তস্য ভাসা সর্বমিদং বিভাতি॥ ১৪ ॥(১)
(১)এই মন্ত্র কঠ. ২ ।২ ।১৫ এবং মুণ্ডক. ২ ।২ ।১০-এও বর্তমান ।
ব্যাখ্যা—পরমানন্দস্বরূপ পরব্রহ্ম পরমেশ্বরের নিকটে এই সূর্য নিজ প্রকাশ প্রকাশিত করতে পারেন না । যেমন সূর্যপ্রকাশের ফলে খদ্যোতের প্রভা প্রদীপ্ত হয় না, তেমনই অনন্ত জ্যোতিষ্মানের নিকট সূর্যের তেজ অবলুপ্ত হয় । চন্দ্রমা, তারকামণ্ডলী এবং বিদ্যুৎও সেক্ষেত্রে প্রকাশদানে অসমর্থ । মর্ত্যাগ্নির তো কথাই নেই । কারণ এই জগতে যা কিছু প্রকাশশীল তত্ত্ব বিদ্যমান সবই ওই পরম প্রকাশস্বরূপ পরব্রহ্ম পুরুষোত্তমের প্রকাশশীল শক্তি থেকে উৎসারিত । অতএব, যাঁর প্রকাশে সকলে প্রকাশিত, তাঁর নিকটে তাঁদের প্রকাশ প্রসারণ সম্ভব নয় । অতএব, আমাদের এই যথার্থ সত্য স্বীকার করতে হবে যে, অখিল বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা, পরম জ্যোতিষ্মানের অনন্ত জ্যোতিতে জগৎ সম্যক্রূপে উদ্ভাসিত হয়॥ ১৪ ॥