নিত্যো নিত্যানাং চেতনশ্চেতনানামেকো বহূনাং যো বিদধাতি কামান্ ।
তৎ কারণং সাংখ্যযোগাধিগম্যং জ্ঞাত্বা দেবং মুচ্যতে সর্বপাশৈঃ ॥ ১৩ ॥
ব্যাখ্যা—যিনি নিত্য বস্তু, চেতন, সর্বশক্তিমান সর্বাধার, পরমাত্মা—তিনি একাই অনেক নিত্য চেতন জীবাত্মার কর্মফলভোগের বিধান করেন । যিনি বৈচিত্র্যময় জগতের রচনা করে সমস্ত জীবসমুদয়ের জন্য তাঁদের কর্মানুসারে ফলভোগব্যবস্থা করেছেন, তাঁকে লাভ করার মাত্র দুটি সাধন বিদ্যমান । একটি জ্ঞানযোগ অন্যটি কর্মযোগ । ভক্তি উভয়ক্ষেত্রে অনুস্যূত । এইজন্য পৃথকরূপে তার বর্ণনা করা হয়নি । ওই জ্ঞানযোগ এবং কর্মযোগ দ্বারা প্রাপ্তব্য সকলের কারণভূত পরমদেব পরমেশ্বরকে জেনে মানুষ সর্ব বন্ধন থেকে মুক্তি লাভ করে । যিনি তাঁকে জানেন বা লাভ করেন, তিনি কদাপি কোনো কারণে জন্ম-মৃত্যুরূপ বন্ধনে আবদ্ধ হন না । অতএব, সর্বশক্তিমান সর্বাধার পরমাত্মাকে লাভ করার জন্য নিজ যোগ্যতা এবং প্রিয়তা অনুসারে জ্ঞানযোগ বা কর্মযোগ—কোনো একটি সাধনপথে মানবের তৎপর হওয়া উচিত॥ ১৩ ॥