যো যোনিং যোনিমধিতিষ্ঠত্যেকো বিশ্বানি রূপাণি যোনীশ্চ সর্বাঃ ।
ঋষিং প্রসূতং কপিলং যস্তমগ্রে জ্ঞানৈর্বিভর্তি জায়মানং চ পশ্যেৎ ॥ ২ ॥
ব্যাখ্যা—এই জগতে দেব, দানব, মানব, পশু, কীট, পতঙ্গ আদি যতপ্রকার যোনি আছে তথা প্রত্যেক যোনিতে যে ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন আকৃতি পরিদৃষ্ট হয়, সে সকলের এবং তাদের পঞ্চ সূক্ষ্ম মহাভূত আদি সমস্ত তত্ত্বের যিনি একমাত্র অধিপতি, অর্থাৎ ওই সমস্ত যাঁর অধীন, যিনি সর্বপ্রথম উৎপন্ন কপিল ঋষিকে(১) অর্থাৎ হিরণ্যগর্ভ ব্রহ্মাকে প্রত্যেক সর্গের প্রারম্ভে সমস্ত প্রকার জ্ঞানে পুষ্ট করেন, যিনি সর্বপ্রথম উৎপন্ন হিরণ্যগর্ভকে দেখেছিলেন, তিনিই হলেন সর্বশক্তিমান সর্বাধার সকলের স্বামী পরব্রহ্ম পুরুষোত্তম॥ ২ ॥
(১)কতিপয় বিদ্বান কপিল শব্দ দ্বারা সাংখ্যশাস্ত্রীয় আদি বক্তা এবং প্রবর্তক ভগবান কপিল মুনিকে ইঙ্গিত করেছেন এবং তাঁর দ্বারা উপদিষ্ট মতের সুপ্রাচীনত্য এবং প্রামাণিকতা সিদ্ধ করেছেন ।