সর্বতঃ পাণিপাদং তৎ সর্বতোঽক্ষিশিরোমুখম্ ।
সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি ॥ ১৬ ॥
ব্যাখ্যা—পরব্রহ্ম পরমাত্মা সর্বদিকে হস্ত, পদ, চক্ষুঃ, মস্তক, শ্রুতিযুক্ত । অর্থাৎ তাঁর সর্বদিকে ওই সমস্ত অঙ্গ বিদ্যমান । তিনি সর্বদিকে নিজ ভক্তের রক্ষার জন্য তথা নিজের দিকে আকৃষ্ট করার জন্য হস্ত প্রসারিত করে রয়েছেন । যথার্থ ভক্ত শ্রীভগবানকে যেখানে চান সেখানেই তিনি উপস্থিত হন । সমস্ত জীবের সমস্ত কর্মের তিনি দ্রষ্টা । ভক্ত যেখানেই তাঁকে প্রণাম করেন, সেখানেই তাঁর শ্রীচরণ বিদ্যমান, কারণ তিনি সর্বব্যাপী । ভক্তের প্রার্থনা শ্রবণের জন্য সর্বত্র তাঁর কর্ণ বিদ্যমান । সর্বত্র তাঁর মুখও বিদ্যমান । এইজন্য যত্র তত্র প্রভুকে ভোগ নিবেদন করলে তিনি তা গ্রহণ করেন । তিনি সকলকে সর্বদিকে আবৃত করে রেখেছেন । এই কথায় বিশ্বাস করে মানুষের ভগবানের আরাধনা করা উচিত এবং তাঁর অনুগত হওয়া উচিত । শ্রীমদ্ভগবদ্গীতায়ও এই কথা-ই বলা হয়েছে (১৩ ।১৩)॥ ১৬ ॥