ক্ষরং প্রধানমমৃতাক্ষরং হরঃ ক্ষরাত্মানাবীশতে দেব একঃ ।
তস্যাভিধ্যানাদ্ যোজনাৎ তত্ত্বভাবাদ্ ভূয়শ্চান্তে বিশ্বমায়ানিবৃত্তিঃ ॥ ১০॥
ব্যাখ্যা—প্রকৃতি ক্ষর অর্থাৎ পরিবর্তনশীলা, বিনাশশীলা এবং তার ভোগকর্তা জীব সমুদায় অবিনাশী অক্ষরতত্ত্ব (গীতা ৭ ।৪-৫ ১৫ ।১৬) । এই ক্ষর এবং অক্ষর (জড়প্রকৃতি এবং চেতন জীব সমুদয়) উভয় তত্ত্বের উপর একজন পরমদেব পরমেশ্বর শাসন করেন (গীতা ১৫ ।১৭) তিনিই প্রাপ্তব্য এবং জ্ঞেয়, তাঁকে তত্ত্বতঃ জানা উচিত—এইরূপ দৃঢ়নিশ্চয় করে ওই পরমদেব পরমাত্মার নিরন্তর ধ্যান করলে, তাঁতেই অহর্নিশ সংলগ— থাকলে এবং তাঁতেই তন্ময় হলে অন্তিমে তাঁকেই পাওয়া যায় । তখন সম্পূর্ণ মায়ার পূর্ণরূপে নিবৃত্তি হয়ে যায় অর্থাৎ মায়াময় জগৎ থেকে চিরতরে সম্বন্ধ দূর হয়॥ ১০ ॥
সম্বন্ধ—পুনরায় ওই পরমদেবকে জানার ফল বলা হচ্ছে—