হিরন্ময়ে পরে কোশে বিরজং ব্রহ্ম নিষ্কলম্।
তচ্ছুভ্রং জ্যোতিষাং জ্যোতিস্তদ্যদাত্মবিদো বিদুঃ॥৯
অন্বয়: হিরন্ময়ে (জ্যোতির্ময়); পরে (শ্রেষ্ঠ); কোশে (কোষের মধ্যে অর্থাৎ হৃদয় মধ্যে); বিরজম্ (শুদ্ধ, নিরঞ্জন); নিষ্কলম্ (যাঁর কলা নেই [অর্থাৎ নিরাকার]); তৎ ব্রহ্ম (সেই ব্রহ্ম); শুভ্রম্ (শুদ্ধ); তৎ জ্যোতিষাং জ্যোতিঃ (জ্যোতির জ্যোতিস্বরূপ); যৎ (যা); আত্মবিদঃ (আত্মজ্ঞানীরা); বিদুঃ (জানেন)।
সরলার্থ: ব্রহ্ম নিষ্কলঙ্ক এবং নিরাকার। হৃদয়ের জ্যোতির্ময় শ্রেষ্ঠ কক্ষে তাঁর আবাস। সেই ব্ৰহ্ম শুদ্ধ এবং আলোর চেয়েও উজ্জ্বল। যিনি আত্মাকে জানেন তিনি ব্রহ্মকেও জানেন।
ব্যাখ্যা: খাপের মধ্যে যেমন তলোয়ার থাকে, হৃদয়েও তেমনি ব্রহ্ম লুকিয়ে আছেন। হৃদয়েই ব্রহ্মের উপলব্ধি হয়। সেই জন্য হৃদয়কে ব্রহ্মের ‘কক্ষ’ বলা হয়েছে। এই কক্ষকে শ্রেষ্ঠ বলে বিশেষিত করা হয়েছে, কারণ দেহের অন্তরতম প্রদেশে এই কক্ষের অবস্থান। আত্মা জ্যোতির্ময়; তিনিই মনকে আলোকিত করেন। আবার তিনি আলোর চেয়েও উজ্জ্বল কারণ তিনি সর্বোচ্চ জ্ঞানের উৎস। মন আমাদের যে আলো দান করে তা ব্রহ্ম থেকেই আসে। ব্রহ্ম শুদ্ধ, কারণ তিনি জ্ঞানস্বরূপ। অজ্ঞানতা তাঁকে স্পর্শ করতে পারে না।