অণুমাত্রেঽপি বৈধর্ম্যে জায়মানেঽবিপশ্চিতঃ।
অসঙ্গতা সদা নাস্তি কিমুতাবরণচ্যুতিঃ॥৯৭
অন্বয়: অবিপশ্চিতঃ (অবিবেকী ব্যক্তি [তার মতে]); অণুমাত্রে অপি বৈধর্ম্যে জায়মানে (সামান্যতম পরিবর্তনও যদি আত্মায় সম্ভব হয়); সদা অসঙ্গতা ন অস্তি (তবে আত্মা যে সকল আসক্তি থেকে মুক্ত এ দাবি টিকবে না); কিম্ উত আবরণ চ্যুতিঃ (অজ্ঞানতার আবরণ দূর করার প্রশ্নটি তবে ওঠে কি করে?)
সরলার্থ: অবিবেকী ব্যক্তির মতে, আত্মাতে যদি সামান্যতম পরিবর্তনও সম্ভব হয় তবে আত্মা যে আসক্তিশূন্য এ দাবি টিকতে পারে না। (অর্থাৎ আত্মাও আসক্ত হতে পারে যার তাৎপর্য হল যে অজ্ঞানতার আবরণ আত্মাকে আড়াল করে রাখে।) তবে অজ্ঞানতার আবরণ দূর হবার প্রশ্ন ওঠে কিভাবে?
ব্যাখ্যা: যুক্তিহীন মানুষ তর্ক করে যে, জ্ঞান বলতে সবসময়ই কোন বস্তুর জ্ঞানকে বোঝায়। আত্মার স্বরূপই যদি জ্ঞান হয়, তবে তা স্বতন্ত্র হতে পারে না। বাইরের কোনও বস্তুর উপর আত্মা নির্ভরশীল হয়ে পড়ে। এ সিদ্ধান্ত মেনে নিলে একথা স্বীকার করতেই হয় যে, আত্মার পরিবর্তন অনিবার্য, সে পরিবর্তন সামান্যই হোক বা বিরাটই হোক।