অজে সাম্যে তু যে কেচিদ্ভবিষ্যন্তি সুনিশ্চিতাঃ।
তে হি লোকে মহাজ্ঞাস্তচ্চ লোকো ন গাহতে॥৯৫
অন্বয়: যে তু কেচিৎ (সেই সব লোক যাঁরা); অজে সাম্যে সুনিশ্চিতাঃ ভবিষ্যক্তি (সদা অভিন্ন ও জন্মরহিত আত্মাকে সংশয়াতীতভাবে জানেন); লোকে (এই পৃথিবীতে); তে হি মহাজ্ঞানাঃ (তাঁরা যথার্থই মহাজ্ঞানী); লোকাঃ (এই বিষয়ী লোকেরা); তৎ চ ন গাহতে (এই প্রজ্ঞাকে স্বীকার করেন না)।
সরলার্থ: এই জগতে যাঁরা জন্মরহিত এবং সতত অভিন্ন আত্মাকে নিশ্চিতরূপে জেনেছেন, তাঁরাই প্রকৃত অর্থে মহাজ্ঞানী। বিষয়ী লোকেরা কিন্তু তাঁদের এই প্রজ্ঞাকে স্বীকার করেন না।
ব্যাখ্যা: যাঁরা উদারমনা নন, শাস্ত্র পড়েননি, সুশিক্ষিত নন, বেদেও যাঁদের বিশ্বাস নেই আত্মজ্ঞান তাঁদের জন্য নয়। আত্মজ্ঞানের অধিকারী যিনি তাঁর পেশা বা সামাজিক মর্যাদা যাই হোক না কেন, তিনি স্ত্রী বা পুরুষ যাই হোন না কেন তাঁকে উচ্চকোটির সাধক বলেই স্বীকার করতে হবে। এমন মানুষ দেবদেবীরও ঈর্ষার পাত্র। আকাশের অনেক উঁচুতে পাখিরা যেমন স্বচ্ছন্দে উড়ে বেড়ায়, এমন মানুষের মোক্ষলাভও তেমনি সহজ ও স্বচ্ছন্দ হয়।