জ্ঞানে চ ত্রিবিধে জ্ঞেয়ে ক্রমেণ বিদিতে স্বয়ম্।
সর্বজ্ঞতা হি সর্বত্র ভবতীহ মহাধিয়ঃ॥৮৯
অন্বয়: জ্ঞানে (বস্তুর ব্যবহারিক জ্ঞান লাভের পর); ত্রিবিধে জ্ঞেয়ে চ ([জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তির] ত্রিবিধ জ্ঞান লাভের পর); ক্রমেণ বিদিতে (ক্রমশ প্রত্যক্ষের মাধ্যমে); মহাধিয়ঃ (অসাধারণ মেধাবী ব্যক্তি); সর্বত্র (সব ব্যাপারে); হি (আপনিই); ইহ (এই জীবনেই); স্বয়ম্ এব সর্বজ্ঞতা ভবতি (পরম জ্ঞান তাঁর কাছে নিজেকে প্রকাশ করেন)।
সরলার্থ: ব্যবহারিক জ্ঞান ও (জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তির) ত্রিবিধ জ্ঞান অর্জন করলে মানুষ ক্রমে অসাধারণ মেধার অধিকারী হয়। এবং এই জীবনেই পরাজ্ঞান লাভ করে।
ব্যাখ্যা: সাধারণভাবে, আমরা তিনটি অবস্থার মধ্যে বাস করি—জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি। জাগ্রত অবস্থায় আমরা জড়বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে আসি। স্বপ্নাবস্থায় যদিও কোন জড়বস্তু থাকে না, তবু জড়বস্তু নিয়ে কাজ করার অনুভূতি আমাদের হয়ে থাকে। গাঢ় নিদ্রাবস্থাতেও (সুষুপ্তি) কোন বস্তুর অস্তিত্ব সম্পর্কে আমাদের চেতনা থাকে না। এই তিন অবস্থাই আত্মার এলাকা। আমাদেরকে এই ত্রিবিধ অবস্থার পারে যেতে হবে।
এই তিন অবস্থার পারে পরম ব্রহ্ম। এই জ্ঞান লাভ হলে আমাদের ব্যক্তিত্বের রূপান্তর ঘটে। আমরা তখন সর্বজ্ঞ। এই রূপান্তর আপনিই ঘটে। আমরা তখন আনন্দে পূর্ণ হয়ে উঠি।