বিপ্রাণাং বিনয়ো হ্যেষ শমঃ প্রাকৃত উচ্যতে।
দমঃ প্রকৃতিদান্তত্বাদেবং বিদ্বাঞ্শমং ব্রজেৎ॥৮৬
অন্বয়: এষঃ বিনয়ঃ (এই বিনয়); হি প্রাকৃতঃ শমঃ উচ্যতে (আত্মসংযম বলে পরিচিত); বিপ্রাণাম্ (ব্রাহ্মণদের পক্ষে); প্রকৃতি-দান্তত্বাৎ দমঃ (কারণ স্বাভাবিকভাবেই তাঁরা আত্মসংযমে সমর্থ, তাঁরা যা করেন তাই আত্মসংযমের আদর্শ); এবং বিদ্বান্ (যখন এই আত্মসংযমকে ব্রহ্মরূপে জান); শমং ব্রজেৎ (তুমি আত্মসংযম অর্জন কর)।
সরলার্থ: এই বিনয় ব্রাহ্মণের স্বাভাবিক আত্মসংযম বলে পরিচিত। ব্রাহ্মণ স্বভাবতই আত্মসংযমে সক্ষম। তাঁরা যা কিছু করেন তাতেই সংযমের পরিচয় পাওয়া যায়। এ সংযম তাঁরা পরিশ্রম করে অথবা শাস্ত্রবিধি অনুশীলন করে লাভ করেননি। যিনি এই আত্মসংযমকে ব্রহ্মেরই মূল স্বরূপ বলে জেনেছেন তিনি নিজে এই সংযম লাভ করেছেন।
ব্যাখ্যা: বিনয়ই ব্রাহ্মণের স্বভাব। এ কোন অর্জিত গুণ নয়, এ তাঁর সহজাত ধর্ম। সকলেই স্বরূপত ব্রহ্ম; এই বোধই তাঁদের বিনয়ের উৎস। এই বিনয় ব্রাহ্মণদের আত্মসংযমেরই অঙ্গ। আত্মসংযমই ব্রহ্ম এবং ব্রহ্মই আত্মসংযম।