অজমনিদ্রমস্বপ্নং প্রভাতং ভবতি স্বয়ম্।
সকৃদ্বিভাতো হ্যেবৈষ ধর্মো ধাতুস্বভাবতঃ॥৮১
অন্বয়: অজম্ (যার জন্ম নেই); অনিদ্রম্ (অবিদ্যাপ্রসূত ঘুম যার নেই); অস্বপ্নম্ (অবিদ্যাপ্রসূত স্বপ্ন যিনি দেখেন না); স্বয়ং প্রভাতং ভবতি (স্বয়ংপ্রকাশ); হি (যেহেতু); এষঃ ধর্মঃ (এই আত্মা); ধাতু স্বভাবতঃ (স্বধর্ম অনুযায়ী); সকৃৎ বিভাতঃ (সবসময় প্রকাশিত)।
সরলার্থ: আত্মা জন্মরহিত, অনিদ্র এবং স্বপ্নহীন। ইনি স্বয়ংপ্রকাশ এবং সদা প্রকাশিত।
ব্যাখ্যা: আত্মজ্ঞানীর কাছে আত্মা কিভাবে প্রতিভাত হন? তাঁর কাছে আত্মা স্বয়ংপ্রকাশ। তিনি স্বয়ং জ্যোতি। এই জ্যোতি সূর্য বা অন্য কোনও উৎস থেকে ধার করা নয়। আত্মা আপন জ্যোতিতেই সদা জ্যোতির্ময়।