অভূতাভিনিবেশাদ্ধি সদৃশে তৎপ্রবর্ততে।
বস্ত্বভাবং স বুদ্ধ্বৈব নিঃসঙ্গং বিনিবর্ততে॥৭৯
অন্বয়: অভূতাভিনিবেশাৎ (যা মিথ্যা তার প্রতি যদি আকর্ষণ থাকে); হি সদৃশে তৎ প্রবর্ততে (সেইসব বস্তু মনকে অধিকার করে থাকে); সঃ বস্তু-অভাবং বুদ্ধ্বা ([কিন্তু] যদি সে বুঝতে পারে এগুলি [অর্থাৎ তার প্রিয় বস্তুগুলি] সত্য নয়); এব নিঃসঙ্গং বিনিবর্ততে (সে [তৎক্ষণাৎ সেইসব বস্তু থেকে] নিজেকে সরিয়ে আনে)।
সরলার্থ: অসত্য বস্তুর প্রতি আসক্তি থাকলে মন সেসব বস্তুর চিন্তায় আচ্ছন্ন হয়ে থাকে। যে বুঝতে পারে এইসব বস্তুর পারমার্থিক সত্তা নেই সে তৎক্ষণাৎ সেগুলি ত্যাগ করে।
ব্যাখ্যা: দ্বৈত মিথ্যা। তবু মানুষ একথা ভুলে থাকে। তাঁরা হয়তো একটা কিছু দেখে মুহূর্তে তাতে মুগ্ধ হয়। মিথ্যা হলেও এই প্রিয় বস্তুর চিন্তা তার মনকে আচ্ছন্ন করে ফেলে। কিন্তু আগেই হোক বা পরে মানুষ একদিন তার ভুল বুঝতে পারে। প্রিয় বস্তুটির অসারতা আবিষ্কার করে সে তৎক্ষণাৎ তা ত্যাগ করে। দুইবোধ তার চিরতরে মুছে যায়।