বুদ্ধ্বাঽনিমিত্ততাং সত্যাং হেতুং পৃথগনাপ্নুবন্।
বীতশোকং তথাঽকামমভয়ং পদমশ্নুতে॥৭৮
অন্বয়: অনিমিত্ততাম্ (কারণের অনুপস্থিতিতে); সত্যাম্ (যা সত্য); বুদ্ধ্বা (উপলব্ধি করে); পৃথক্ হেতুম্ অনাপ্নুবন্ (আর কোনও কারণ না দেখে); বীতশোকম্ (দুঃখের ঊর্ধ্বে); তথা অকামম্ (কামনাশূন্য); অভয়ম্ (ভয়মুক্ত); পদম্ (পদ [ব্ৰহ্মপদ]); অশ্নুতে (লাভ করে)।
সরলার্থ: একমাত্র সত্যকে জানলে আর জন্ম হয় না, এছাড়া অন্য কোন পথ নেই—একথা উপলব্ধি করে মানুষ দুঃখের পারে চলে যায়। তখন সে কামনাশূন্য হয়, নির্ভয় হয় এবং ব্রহ্মপদ লাভ করে।
ব্যাখ্যা: যতদিন মানুষ দুই দেখে ততদিন তাকে বারবার জন্মাতে হয়। দুই দেখার অর্থ এই দৃশ্যমান জগৎকে সত্য মনে করা, যা প্রিয় তার পিছনে ছোটা এবং যা অপ্রিয় তা পরিত্যাগ করা। এও এক ধরনের দাসত্ব। মানুষের জীবনের লক্ষ্য এই দাসত্ব থেকে মুক্ত হওয়া। তারজন্য প্রয়োজন নিজের স্বরূপকে জানা। মানুষ তখন বুঝতে পারে সে-ই আত্মা—মহত্তম, শুদ্ধ, মুক্ত, অনন্য এবং অপরিবর্তনীয়। এই উপলব্ধি হলে তার আর চাওয়ার কিছু থাকে না, সে সব পেয়ে গেছে। নির্বাসনা হলে মানুষের জন্মাবার কোন হেতুও থাকে না, ইচ্ছেও থাকে না। তখন সে অভয় ব্রহ্মপদ লাভ করে।