অনিমিত্তস্য চিত্তস্য যাঽনুৎপত্তিঃ সমাঽদ্বয়া।
অজাতস্যৈব সর্বস্য চিত্তদৃশ্যং হি তদ্যতঃ॥৭৭
অন্বয়: অনিমিত্তস্য (যার জন্মাবার কোন কারণ নেই [সেহেতু]); অজাতস্য (যার জন্ম হয়নি); সর্বস্য চিত্তস্য যা অনুৎপত্তিঃ (মনের মুক্তি); [সা] অদ্বয়া (যা সর্বদা অদ্বিতীয়); সমা (সর্বদা অভিন্ন); যতঃ (সুতরাং); তৎ চিত্তদৃশ্যম্ (মনের জন্ম এবং মন যেসব বস্তু অনুভব করে দুই-ই মিথ্যা)।
সরলার্থ: মনের জন্ম হওয়ার কোন হেতু নেই। কাজেই তার জন্ম হয় না। আর যেহেতু মনের জন্ম হয় না তাই মন মুক্ত, স্বাধীন। মন অদ্বিতীয় ও অপরিবর্তনীয়। মনের যেমন জন্ম নেই, মন দিয়ে যেসব বস্তু অনুভব করা হয় তাদেরও জন্ম নেই।
ব্যাখ্যা: যার মনে বাসনা থাকে তার জন্ম হয়। যার বাসনা নেই তার জন্মাবার কোন হেতুই নেই। কখন মন কামনা-বাসনা শূন্য হয়? যখন আত্মজ্ঞান লাভ হয়। সে তখন উপলব্ধি করে যে সে স্বয়ং আত্মা—অনন্য ও অদ্বিতীয়। সে তখন নিজেকে সর্বত্র এবং সবকিছুতে দেখে। কিছুই আর তাকে প্রভাবিত করতে পারে না। সে-ই পরম ব্রহ্ম এবং সতত অপরিবর্তনীয়। এই জ্ঞান লাভ হলে মানুষের আর কি চাওয়ার থাকতে পারে? যা কিছু কাম্য সব সে পেয়ে গেছে। তখন মানুষ সর্বকামনাশূন্য হয়।
যেহেতু কোন আকাঙ্ক্ষা থাকে না, সুতরাং মন বলেও কিছু থাকে না। এমন নয় যে কখনো আবার কিছুর আকাঙ্ক্ষা হল এবং তখন আবার মনও হল। তিনি স্বয়ং আত্ম—অপরিবর্তিত ও অপরিবর্তনীয়। মন এবং কামনা-বাসনা—দুই-ই মিথ্যা।