অভূতাভিনিবেশোঽস্তি দ্বয়ং তত্র ন বিদ্যতে।
দ্বয়াভাবং স বুদ্ধ্বৈব নির্নিমিত্তো ন জায়তে॥৭৫
অন্বয়: অভূতাভিনিবেশঃ অস্তি (যা নেই তার প্রতি কেউ আকৃষ্ট হতে পারে); তত্র দ্বয়ং ন বিদ্যতে (শুধুমাত্র সেই কারণেই বস্তুটির অস্তিত্ব আছে বলা যায় না); দ্বয়াভাবং বুদ্ধ্বা এব (যেই সে বুঝতে পারে দুই বোধ মিথ্যা); নির্নিমিত্তঃ (তখন তাকে আর কিছুই আকৃষ্ট করতে পারে না); সঃ ন জায়তে (তার আর জন্ম হয় না)।
সরলার্থ: কেউ কোন বস্তুর প্রতি আকৃষ্ট হতে পারে কিন্তু তার দ্বারা দ্বিতত্ত্ব (অর্থাৎ বাইরে কিছু আছে) প্ৰমাণিত হয় না। যেই মুহূর্তে সে বুঝতে পারে দুইবোধ মিথ্যা, তখন আর কোন কিছুই তাকে আকৃষ্ট করতে পারে না। এমন ব্যক্তির আর পুনর্জন্ম হয় না।
ব্যাখ্যা: একজন ব্যক্তি কোন এক বস্তুর প্রতি আসক্ত হতে পারে। কিন্তু তার দ্বারা বস্তুটির সত্যতা প্রমাণিত হয় না। বস্তুটি সত্য হোক বা না হোক, এই আসক্তি মানুষের বন্ধনের কারণ হতে পারে। আর সেইজন্য তাকে হয়তো বারবার জন্ম নিতে হবে। কিন্তু যদি সে বুঝতে পারে যে তার অনুরাগের বস্তুটির কোন বাস্তব সত্তা নেই তখন বস্তুটির প্রতি তার আর কোন আসক্তি থাকবে না। তখনি সে দ্বৈতচিন্তার মোহ থাকে মুক্ত হবে এবং আত্মাকে জানতে পারবে। এমন ব্যক্তির আর পুনর্জন্ম হবে না।