যথা স্বপ্নময়ো জীবো জায়তে ম্রিয়তেঽপি চ।
তথা জীবা অমী সর্বে ভবন্তি ন ভবন্তি চ॥৬৮
অন্বয়: যথা স্বপ্নময়ঃ (ঠিক যেমন স্বপ্নে); জীবঃ জায়তে চ ম্রিয়তে অপি (কাউকে জন্মাতে বা মারা যেতে দেখা যায়); তথা অমী সর্বে জীবাঃ (সেইরকম [জাগ্রত অবস্থায়] এইসব প্রাণী); ভবন্তি ন ভবন্তি চ (জন্মাচ্ছে বা মারা যাচ্ছে দেখা যায়)।
সরলার্থ: স্বপ্নে কোন ব্যক্তিকে জন্মাতে বা মারা যেতে দেখা যায়। একইভাবে, জাগ্রত অবস্থাতেও সকল প্রাণীর জন্ম বা মৃত্যু দেখা যায়।
যথা মায়াময়ো জীবো জায়তে ম্রিয়তেঽপি চ।
তথা জীবা অমী সর্বে ভবন্তি ন ভবন্তি চ॥৬৯
অন্বয়: যথা মায়াময়ঃ (ঠিক যেমন জাদুখেলায়); জীবঃ জায়তে চ ম্রিয়তে অপি (কাউকে জন্মাতে বা মারা যেতে দেখা যায়); তথা (অনুরূপভাবে); অমী সর্বে জীবাঃ ([জাগ্রত অবস্থায়] এইসব প্রাণী); ভবন্তি ন ভবন্তি চ (জন্মাচ্ছে বা মারা যাচ্ছে দেখা যায়)।
সরলার্থ: জাদুখেলায় অনেক সময় কাউকে জন্মাতে বা মারা যেতে দেখা যায়। ঠিক তেমনি জাগ্রত অবস্থাতেও এইসব প্রাণীকে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করতে দেখা যায়।
যথা নির্মিতকো জীবো জায়তে ম্রিয়তেঽপি বা।
তথা জীবা অমী সর্বে ভবন্তি ন ভবন্তি চ॥৭০
অন্বয়: যথা (ঠিক যেমন); নির্মিতকঃ জীবঃ (কৃত্রিমভাবে তৈরি বস্তু); জায়তে ম্রিয়তে অপি বা (জাত বা মৃত হতে দেখা যায়); তথা (অনুরূপভাবে); অমী সর্বে জীবাঃ (এইসব প্রাণী [জাগ্রত অবস্থায়]); ভবন্তি ন ভবন্তি চ (জন্ম বা মৃত্যু হতে পারে)।
সরলার্থ: ঠিক যেমন, কৃত্রিমভাবে উৎপন্ন বস্তুকে জন্মাতে বা বিনাশপ্রাপ্ত হতে দেখা যায় তেমনি জাগ্রত অবস্থাতেও এইসব প্রাণীর জন্ম বা মৃত্যু হতে দেখা যায়।
ব্যাখ্যা: স্বপ্নে, জাদুখেলায় অথবা কৃত্রিমভাবে উৎপন্ন বস্তুর ক্ষেত্রে জন্ম বা মৃত্যু উভয়ই দেখা যেতে পারে। উভয়ই মিথ্যা। অনুরূপভাবে, জাগ্রত অবস্থায় বিভিন্ন প্রাণীদের মধ্যে জন্ম এবং মৃত্যু দুই-ই দেখা যেতে পারে, কিন্তু দুই-ই সমভাবে মিথ্যা।