ধর্মা য ইতি জায়ন্তে জায়ন্তে তে ন তত্ত্বতঃ।
জন্ম মায়োপমং তেষাং সা চ মায়া ন বিদ্যতে॥৫৮
অন্বয়: যে ধর্মাঃ (সেইসব বস্তু [অর্থাৎ জীবাত্মা ও অন্যান্য সকল বস্তু]); জায়ন্তে (জন্মায় বলা হয়); তে তত্ত্বতঃ ন জায়ন্তে ([কিন্তু] বস্তুত তারা জন্মায় না); তেষাং জন্ম মায়োপমম্ (তাদের জন্ম যেন জাদুখেলা); সা চ মায়া ন বিদ্যতে (এবং সেই জাদুখেলা সত্য নয়)।
সরলার্থ: মানুষ মনে করে জীবাত্মা (এবং অন্যান্য বস্তু) জন্ম নেয়। কিন্তু আসলে তাদের কখনই জন্ম হয় না। তাদের জন্ম যেন ভোজবাজির খেলা এবং তা সত্য নয়।
ব্যাখ্যা: অবিদ্যার কার্যকলাপের কথা ইতিমধ্যেই বলা হয়েছে। অবিদ্যা এমন সব অঘটন ঘটায় যার ব্যাখ্যা চলে না। এইসব ঘটনা ব্যবহারিকভাবে সত্য হলেও আসলে তা সত্য নয়। এইসব যেন ভোজবাজির খেলা।
জীবাত্মার জন্মও এইরকম; জাদুখেলার মতো। ব্যবহারিক দৃষ্টিতে সত্য। আসলে সত্য নয়। যেমন জাদুখেলা সত্য নয়, সত্যের ভান মাত্র।