বিপৰ্যাসাদ্যথা জাগ্রদচিন্ত্যান্ ভূতবৎ স্পৃশেৎ।
তথা স্বপ্নে বিপর্যাসাদ্ধর্মাংস্তত্রৈব পশ্যতি॥৪১
অন্বয়: যথা (ঠিক যেমন); বিপৰ্যাসাৎ (অজ্ঞানতার হেতু ভ্রান্তির কারণে); জাগ্রৎ-অচিন্ত্যান্ (জাগ্রত অবস্থায় যেসব অপরিচিত বস্তুসকল দেখে); ভূতবৎ স্পৃশেৎ (সত্য বলে মনে করে); তথা (সেইভাবে); স্বপ্নে (স্বপ্নে); বিপৰ্যাসাৎ (অবিদ্যাপ্রসূত ভুলের জন্য); তত্র এব (স্বপ্নেও); ধর্মান্ (বস্তুসকল); পশ্যতি (দেখে)।
সরলার্থ: জাগ্রত অবস্থায় মানুষ নানা অপরিচিত বস্তু দেখে এবং অজ্ঞানতার হেতু সেগুলিকে সত্য বলে মনে করে। একই কারণে স্বপ্নেও সে বিভিন্ন বস্তু দেখে ও সত্য মনে করে। আসলে কিন্তু দুটির কোনটিই সত্য নয়।
ব্যাখ্যা: জাগ্রত অবস্থাতেও কখনো কখনো অদ্ভুত সব বস্তু দেখা যায়। লোকে যেমন অন্ধকারে দড়ির জায়গায় সাপ দেখে এবং তাকে সত্য বলে মনে করে। স্বপ্নেও একই রকম ঘটতে পারে। হয়তো স্বপ্নে ঘরের মধ্যে একটা হাতি দেখে তাকে সত্য বলে মনে হল। কিন্তু জেগে উঠে নিশ্চিতভাবেই বোঝা যায় ঘরে হাতি থাকা অসম্ভব।
জাগ্রত অবস্থায় রজ্জুতে সর্পদর্শন এবং স্বপ্নে ঘরের ভিতর হাতি দেখা—এ দুটি অভিজ্ঞতাই মিথ্যা। অভিজ্ঞতা দুটির পরস্পরের সঙ্গে কোন সম্পর্ক নেই। নিশ্চয়ই স্বপ্নের এই অভিজ্ঞতা জাগ্রত অবস্থার অভিজ্ঞতার প্রতিফলন নয়।