হেতুৰ্ন জায়তেঽনাদেঃ ফলং চাপি স্বভাবতঃ।
আদির্ন বিদ্যতে যস্য তস্য হ্যাদির্ন বিদ্যতে॥২৩
অন্বয়: অনাদেঃ (যদি অনাদি বলে কিছু থাকে); হেতুঃ ন জায়তে (তার কোন কারণ থাকে না); ফলং চ (কার্যও); স্বভাবতঃ অপি (অনুরূপভাবে কারণ না থাকলে [কার্য হয় না]); যস্য আদিঃ ন বিদ্যতে (যদি কারণ ছাড়া কিছু থাকে); তস্য হি আদিঃ ন এব বিদ্যতে ([তবে সিদ্ধান্ত এই যে] এরকম বস্তুর জন্ম নেই)।
সরলার্থ: কোন কিছুর যদি আরম্ভ না থাকে, তাহলে তার কারণও থাকে না। একইভাবে কারণ ছাড়া কার্যও উৎপন্ন হয় না। আবার যদি কারণ ছাড়া কোন কিছুর অস্তিত্ব থাকে তবে সেই বস্তুর জন্মই হয়নি।
ব্যাখ্যা: যদি কার্য ও কারণ উভয়ই অনাদি হয় তবে কার্যও থাকে না, কারণও থাকে না। অনাদি কার্য আর একটি বস্তুর কারণ হতে পারে না। একইভাবে অনাদি কারণ কার্য উৎপন্ন করতে পারে না। সুতরাং কার্য ও কারণ উভয়ই যদি অনাদি হয় তবে কোন কিছুরই জন্ম হয় না।