পূর্বাপরাপরিজ্ঞানমজাতেঃ পরিদীপকম্।
জায়মানাদ্ধি বৈ ধর্মাৎ কথং পূর্বং ন গৃহ্যতে॥২১
অন্বয়: পূর্বাপরাপরিজ্ঞানম্ (কোন্টা কারণ [পূর্ব] কোন্টা কার্য [অপর] সে-বিষয়ে অজ্ঞতা); অজাতেঃ (যার জন্ম নেই তার); পরিদীপকম্ (সাক্ষ্যপ্রমাণ); হি (যদি); জায়মানাৎ ধর্মাৎ (যা জন্মগ্রহণ করল তার থেকে); পূর্বম (এর কারণ [যা পূর্ববর্তী]); কথম্ (কেন); ন গৃহ্যতে (জানা যাবে না [সুতরাং কিছুরই জন্ম হয় না])।
সরলার্থ: যদি কারণ ও কার্য না জানা যায়, তবে তাই প্রমাণ করে যে কিছুই জন্মায় না। যদি সত্যিই কিছুর জন্ম হয়, তবে তার কারণ (উৎস) অজ্ঞাত হওয়ার পেছনে কোন যুক্তিই নেই।
ব্যাখ্যা: বেদান্তবাদীরা বলতে চান আত্মাই একমাত্র আছেন। চতুর্দিকে যে বৈচিত্র আমরা দেখি তা আত্মার উপরে নাম-রূপের আরোপমাত্র—যেমন অন্ধকার রাত্রে দড়িকে আমরা সাপ বলে ভুল করি।