হেতোরাদিঃ ফলং যেষামাদির্হেতঃ ফলস্য চ।
হেতোঃ ফলস্য চানাদিঃ কথং তৈরুপবর্ণ্যতে॥১৪
অন্বয়: যেষাম্ (যাঁরা মনে করেন); ফলম্ (কার্য [যেমন দেহ এবং তার অঙ্গ-প্রত্যঙ্গ]); হেতোঃ আদিঃ ([পূর্বকৃত] কর্মই তার কারণ); হেতুঃ চ (এই কারণও [অর্থাৎ এই কর্মও]); ফলস্য ([কারণের] কার্য); আদিঃ (কারণ [দেহ ও অঙ্গ-প্রত্যঙ্গ]); তৈঃ (সেই দ্বৈতবাদীরা); হেতোঃ (কারণের); ফলস্য চ (কার্যের ও); অনাদিঃ (অনবস্থা দোষ); কথম্ উপবর্ণ্যতে (কেমন করে ব্যাখ্যা করবেন?)।
সরলার্থ: দ্বৈতবাদীরা মনে করেন দেহ কর্মের ফল। তাঁরা আরও মনে করেন কর্মও দেহের ফল (অর্থাৎ কারণ কার্যে পরিণত হয়, আবার কার্য কারণে পরিণত হয়)। এই অবস্থায় তাঁরা কি করে দাবি করবেন যে এই প্রক্রিয়া অনাদি?
ব্যাখ্যা: দ্বৈতবাদীদের মতে মানুষের দেহ ও অঙ্গপ্রত্যঙ্গ পূর্বকৃত ভালো বা মন্দ কর্মের ফল। একইভাবে কৃতকর্ম আবার দেহের ফল। এইভাবে কার্য-কারণ প্রক্রিয়া চলতেই থাকে। কারণ (হেতু) কার্যে (ফলে) পরিণত হয়, আবার কার্য কারণে পরিণত হয়। স্পষ্টভাবেই এখানে আরম্ভ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে দ্বৈতবাদীরা কি করে হেতু ও ফলের অনাদিত্ব ব্যাখ্যা করবেন? (অর্থাৎ এ তো স্ববিরোধী কথা কারণ নিত্যকূটস্থ আত্মায় হেতু-ফল ভাব সম্ভব নয়।)