অজাদ্বৈ জায়তে যস্য দৃষ্টান্তস্তস্য নাস্তি বৈ।
জাতাচ্চ জায়মানস্য ন ব্যবস্থা প্রসজ্যতে॥১৩
অন্বয়: যস্য (সাংখ্যমতে); অজাৎ (জন্মরহিত কারণ থেকে); জায়তে (কার্য উৎপন্ন হয়); তস্য (এইজন্য [এর সমর্থনে]); দৃষ্টান্তঃ ন অস্তি বৈ (নিশ্চয়ই কোন দৃষ্টান্ত নেই); জাতাৎ (যার জন্ম হয়েছে [সুতরাং ক্ষণস্থায়ী] তার থেকে); [এইরকম কারণ থেকে] জায়মানস্য (যার উৎপত্তি হল); চ (আরও); ব্যবস্থা ন প্রসজ্যতে (এই প্রক্রিয়া অনন্তকাল ধরে চলতে থাকবে)।
সরলার্থ: যে কারণের এখনও জন্মই হয়নি তার থেকেও কার্য হতে পারে—এর স্বপক্ষে সাংখ্য কোনও দৃষ্টান্ত দিতে পারেননি। আবার যদি বলা হয় কারণের উৎপত্তি আছে এবং সেই কারণ থেকে আবার কোন কার্য উৎপন্ন হয়েছে তাহলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে ন্যায়শাস্ত্রে বলে ‘অনবস্থা’ দোষ।
ব্যাখ্যা: সাংখ্যমতে, কারণ না থাকলেও কার্য থাকতে পারে। কিন্তু এর স্বপক্ষে কোনও প্রমাণ আছে কি? না, নেই। অদ্বৈতবাদী বলেন ‘শূন্য থেকে কিছুর উৎপত্তি’ এ একটি উদ্ভট প্রস্তাব।
যদি তর্ক ওঠে কোন কার্যের কারণ অপর আর একটি কারণের থেকে উৎপন্ন, তাহলে এই দ্বিতীয় কারণেরও আবার একটি কারণ থাকতে হবে। আর এইভাবেই চলতে থাকবে অনন্তকাল। এই অবস্থা যুক্তির দিক দিয়ে মিথ্যা, ন্যায়শাস্ত্রে এই অবস্থার নাম অনবস্থা দোষ (Regressus ad infinitum)।