কারণাদ্যদ্যনন্যত্বমতঃ কাৰ্য্যমজং যদি।
জায়মানাদ্ধি বৈ কার্যাৎকারণং তে কথং ধ্রুবম্॥১২
অন্বয়: যদি (যদি [কার্য]); কারণাৎ অনন্যত্বম্ (কারণ থেকে পৃথক না হয়); অতঃ (অতএব); কাৰ্য্যম্ (কার্য); অজম্ [স্যাৎ] (জন্ম হয়নি); জায়মানাৎ কাৰ্য্যাৎ (যে কার্য উৎপন্ন হয়েছে তার থেকে [আলাদা নয়]); হি কারণং তে (তোমার মতে কারণ [কেমন করে]); কথং ধ্রুবম্ (স্যাৎ] (অপরিবর্তনীয় হতে পারে)।
সরলার্থ: কার্য যদি জন্মহীন কারণ থেকে পৃথক না হয় তাহলে কার্যেরও জন্ম নেই। উপরন্তু (কার্য-কারণ পৃথক না হলে) কারণ কিভাবে অপরিবর্তিত থাকে?
ব্যাখ্যা: সাংখ্যমতে, প্রধান (বা প্রকৃতি) মহৎ এবং অন্যান্য বস্তুর কারণ, জন্মরহিত এবং অপরিবর্তিত। আবার কারণই কার্যে পরিণত হয়, এও সাংখ্যের দাবি।
অদ্বৈতবাদীরা সাংখ্যের সঙ্গে একমত নন। তাঁরা বলেন—‘যদি কারণ কার্যে পরিণত হয় তার অর্থ হল কার্যের উৎপত্তি আছে। আবার যদি কার্য ও কারণ অভিন্ন হয় তাহলে বলতে হবে কারণেরও উৎপত্তি আছে। উপরন্তু কারণ কার্যে পরিণত হলে কারণকে কোনমতেই অপরিবর্তিত বলা যায় না। যেমন একটি মুরগীর শরীরের এক অংশ যখন রান্না করা হচ্ছে, অপর অংশ কি ডিম দিতে পারে?