ঘটাদিষু প্রলীনেষু ঘটাকাশাদয়ো যথা।
আকাশে সংপ্ৰলীয়ন্তে তদ্বজ্জীবা ইহাত্মনি॥৪
অন্বয়: ঘটাদিষু প্রলীনেষু (যখন এই আরোপিত গুণ অর্থাৎ দেহের নাশ হয়); যথা ঘটাকাশাদয়ঃ (ঠিক যেমন ঘটের অভ্যন্তরস্থ আকাশ); আকাশে (অনন্ত আকাশে [মিশে যায়]); তদ্বৎ (একইভাবে); জীবাঃ (জীবাত্মাসকল); সম্প্রলীয়ন্তে (লীন হয়ে যায়); ইহ আত্মনি (পরমাত্মার মধ্যে)।
সরলার্থ: ঘট যখন ভেঙে যায় তখন ঘটের ভিতরের আকাশ বাইরের আকাশে মিশে যায়। সেইভাবে যে দেহের সঙ্গে জীবাত্মা যুক্ত সেই দেহের যখন নাশ হয় তখন জীবাত্মা (চৈতন্য) পরমাত্মাতে (চৈতন্যে) লয় হয়।
ব্যাখ্যা: জীবাত্মার দেহ পরমাত্মার উপর আরোপিত। ঘটের ভিতরের আকাশকে বাইরের আকাশ থেকে যেমন পৃথক বলে মনে হয়, তেমনি জীবের দেহ যেন জীবাত্মাকে পরমাত্মার থেকে আলাদা করে রেখেছে। ঘটটা ভেঙে গেলেই ভিতরের আকাশ ও বাইরের আকাশ একাকার হয়ে যায়। জীবাত্মা যখন জানতে পারে এই দেহ একটা উপাধিমাত্র, সে আসলে পরমাত্মা ছাড়া আর কিছুই নয়, তখন জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়।