অস্পর্শযোগো বৈ নাম দুর্দর্শঃ সর্বযোগিভিঃ।
যোগিনো বিভ্যতি হ্যস্মাদভয়ে ভয়দর্শিনঃ॥৩৯
অন্বয়: অস্পর্শযোগঃ (যে যোগে বাহ্যবস্তুর সঙ্গে সংযোগ থাকে না); নাম (তথাকথিত [যোগ]); সর্ব যোগিভিঃ দুর্দর্শঃ (যোগীরা বহু কষ্টে উপলব্ধি করেন); বৈ (নিশ্চিতভাবে); ভয়দর্শিনঃ যোগিনঃ হি (স্বল্পবুদ্ধি যোগীরা যাঁরা [অহংবুদ্ধি নাশ করতে] ভীত); অস্মাৎ (এর থেকে [অর্থাৎ যে যোগে বাহ্যবস্তুর সঙ্গে সংযোগ থাকে না তার থেকে]); অভয়ে (যেখানে ভয়ের কোন স্থান নেই); বিভ্যতি (ভয়ে সরে আসেন)।
সরলার্থ: একরকমের যোগ আছে যার নাম ‘অস্পর্শযোগ’। এই যোগে যোগীকে বাহ্যবস্তুর সঙ্গে সবরকম সংস্পর্শ ত্যাগ করতে হয়। এই যোগ অভ্যাস করা কঠিন। আশ্চর্যের ব্যাপার হল, যদিও এই যোগের দ্বারা সাধক অভয়পদ লাভ করেন তথাপি এই যোগ অনুশীলন করতে তাঁরা ভয় পান (কারণ তাঁরা তাঁদের ‘আমি’কে হারাতে ভয় পান)।
ব্যাখ্যা: শাস্ত্রে অস্পর্শযোগের কথা বলা হয়েছে। বাহ্যজগৎকে স্পর্শ করাও এই যোগে নিষিদ্ধ। অর্থাৎ সাধক এই জগৎকে সম্পূর্ণভাবে ত্যাগ করেন। কারণ তিনি জানেন এ জগৎ মিথ্যা এবং মানুষকে বদ্ধ করে। তাই তিনি নিজেকে নিজের মধ্যে সম্পূর্ণভাবে গুটিয়ে নেন। এই অবস্থা আত্মহত্যার সামিল।
অনেকের কাছেই এই যোগ ভীতিপ্রদ। যোগী জানেন জগৎ থেকে এই ধরনের সম্পূর্ণ প্রত্যাহার তিনি যদি অনুশীলন করেন তবে কালে তিনি অভয়পদ লাভ করবেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, তা জানা সত্ত্বেও এই যোগ অনুশীলন করতে তিনি ভয় পান। যেহেতু এই যোগে যোগীর নিজেকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে হয়, সেহেতু খুব কম সাধকই এই পথে অগ্রসর হন।