অসতো মায়য়া জন্ম তত্ত্বতো নৈব যুজ্যতে।
বন্ধ্যাপুত্রো ন তত্ত্বেন মায়য়া বাঽপি জায়তে॥২৮
অন্বয়: অসতঃ (যা মিথ্যা); জন্ম (জন্ম); মায়য়া (মায়ার সাহায্যে); তত্ত্বতঃ (প্রকৃতপক্ষে); নৈব যুজ্যতে (যুক্তিগ্রাহ্য বলে মনে হয় না); বন্ধ্যাপুত্রঃ মায়য়া বা অপি তত্ত্বেন ন জায়তে (মায়ার দ্বারা বা বাস্তবে বন্ধ্যানারী কখনো পুত্রের জন্ম দিতে পারে না)।
সরলার্থ: যা মিথ্যা তার কখনো জন্ম হয় না—মায়ার প্রভাবেও না, বাস্তবেও না। মায়াতে বা বাস্তবে কোনভাবেই বন্ধ্যানারী সন্তানের জন্ম দিতে পারে না।
ব্যাখ্যা: যার অস্তিত্বই নেই তার থেকে কি কোন বস্তুর উৎপত্তি হতে পারে? কেউ কেউ মনে করেন তা সম্ভব। শাস্ত্র এই মত খণ্ডন করে। বাস্তবে তো নয়ই, মায়ার প্রভাবেও এ সম্ভব নয়। যেমন বন্ধ্যানারী কখনো সন্তানের জন্ম দিতে পারে না— মায়ার সাহায্যেও নয়, বাস্তবেও নয়।