জীবাত্মনোরনন্যত্বমভেদেন প্ৰশস্যতে।
নানাত্বং নিন্দ্যতে যচ্চ তদেবং হি সমঞ্জসম্॥১৩
অন্বয়: [যৎ (যেহেতু)]; জীবাত্মনঃ (জীবাত্মা ও পরমাত্মা); অনন্যত্বম্ (একত্ব); অভেদেন (অভিন্নভাবে); প্রশস্যতে (প্রশংসিত হয়); যৎ চ নানাত্বং নিন্দ্যতে (যেহেতু দ্বৈতবাদ শাস্ত্রে নিন্দিত); তৎ এবম্ (সেহেতু এই [একত্ব]); সমঞ্জসম্ (যুক্তিযুক্ত)।
সরলার্থ: যেহেতু শাস্ত্রে জীবাত্মা ও পরমাত্মার অভিন্নতার প্রশংসা এবং দ্বৈতবাদের নিন্দা করা হয়েছে সেহেতু এই একত্ব যুক্তিযুক্ত।
ব্যাখ্যা: শাস্ত্রে আছে, ব্রহ্মকে যিনি জানেন তিনি স্বয়ং ব্রহ্মই হয়ে যান। এর অর্থ এই যে মানুষ চিরকালই ব্রহ্ম, কিন্তু একথা সে জানে না। চোখের উপর থেকে অজ্ঞানতার আবরণ সরে গেলেই মানুষ তার প্রকৃত পরিচয় জানতে পারে।
শাস্ত্র আরও বলে আত্মাই জগৎরূপে প্রকাশিত—দুই নেই, সব এক। দুই দেখাটা ভুল। দুই দেখলে মানুষ কখনো নিরাপদ বোধ করতে পারে না। ভয় তাকে সবসময় তাড়া করে বেড়ায়। তার বারবার পুনর্জন্ম হতে পারে। অজ্ঞানতার জন্যই মানুষকে এই মূল্য দিতে হয়।
যাঁরা দ্বৈতবাদী তাঁরা অহেতুক বিষয়টাকে জটিল করে তোলেন। একত্বের ধারণা যুক্তিসিদ্ধ। এ শুধু মানুষকে শান্তি ও আনন্দই দান করে না, এই ধারণা শাস্ত্র-অনুমোদিতও বটে।