স্বপ্নজাগরিতস্থানে হ্যেকমাহুর্মনীষিণঃ।
ভেদানাং হি সমত্বেন প্রসিদ্ধেনৈব হেতুনা॥৫
অন্বয়: মনীষিণঃ (প্রজ্ঞাবান ব্যক্তি); স্বপ্ন-জাগরিত-স্থানে (স্বপ্ন ও জাগ্রত উভয় অবস্থায়); প্রসিদ্ধেন হেতুনা (কারণ জ্ঞাতা এবং জ্ঞেয় বস্তুর সম্পর্কটি সুপরিচিত); ভেদানাম্ (আলোচ্য বস্তুসকল); হি (নিশ্চিতভাবে); সমত্বেন (একই থাকে); হি (নিঃসন্দেহে); একম্ (একই [অর্থাৎ মিথ্যা]); আহুঃ (বলেন)।
সরলার্থ: একথা সকলেই জানেন, উভয় অবস্থাতেই জ্ঞাতা এবং জ্ঞেয় বস্তুর সম্পর্কটি একই থাকে। এই দুই অবস্থায় যেসব বস্তুর অভিজ্ঞতা হয় সেই বস্তুগুলি অভিন্ন। এই কারণেই প্রজ্ঞাবান ব্যক্তিরা জাগ্রত ও স্বপ্ন উভয় অবস্থার বস্তুকেই মিথ্যা বলে মনে করেন।
ব্যাখ্যা: প্রজ্ঞাবান ব্যক্তিরা বলে থাকেন যে জাগ্রত ও স্বপ্ন উভয় অবস্থাই এক। কেন? কারণ উভয় অবস্থাতেই দ্বৈতবোধ থাকে। দ্রষ্টা এবং দৃশ্যবস্তু, জ্ঞাতা এবং জ্ঞেয়বস্তু, এই দুই বোধ উভয় ক্ষেত্রেই বিদ্যমান। কিন্তু প্রজ্ঞাবান ব্যক্তিরা বলেন এ জগতে এক বৈ দুই কিছু নেই। আমরা যে দুই দেখি সেটা ভুল। স্বপ্নদৃষ্ট বস্তু যদি মিথ্যা হয় তবে জাগ্রত অবস্থায় আমরা যা-কিছু দেখি তাও মিথ্যা।