বীতরাগভয়ক্রোধৈর্মুনিভির্বেদপারগৈঃ।
নির্বিকল্পো হ্যয়ং দৃষ্টঃ প্রপঞ্চোপশমোঽদ্বয়ঃ॥৩৫
অন্বয়: বীতরাগভয়ক্রোধৈঃ (আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত); বেদপারগৈঃ (বেদে পারদর্শী); মুনিভিঃ (চিন্তাশীল ঋষিদের দ্বারা); অয়ম্ (এই আত্মা); হি (নিশ্চিতভাবে); নির্বিকল্পঃ (কোনও পরিবর্তন নেই); প্রপঞ্চোপশমঃ (দ্বৈতভাবের লেশমাত্র নেই); অদ্বয়ঃ (অদ্বৈত); দৃষ্টঃ (প্রত্যক্ষ হয়)।
সরলার্থ: বেদে পারদর্শী ঋষিরা হলেন (ইন্দ্রিয়-ভোগসুখের প্রতি) নিরাসক্ত এবং ভয় ও রাগ থেকে মুক্ত। তাঁরা বলেন আত্মা অপরিবর্তনীয়। দ্বিতত্ত্বের বোধ তাঁদের নেই। এবং তাঁরা নিজেদেরকে এক ও অভিন্ন সত্তারূপে মনে করেন।
ব্যাখ্যা: এখানে বেদান্তদর্শনের প্রশংসা করা হয়েছে। কে এই দর্শনকে বুঝতে পারেন? এমন মানুষ যিনি নিজেকে পুরোপুরি বশে আনতে পেরেছেন। তাঁর কোন কিছুর প্রতি আসক্তি নেই, অনাসক্তিও নেই। তিনি সমস্ত রিপু—যেমন ক্রোধ, ঘৃণা, ভয় এর থেকে মুক্ত। তিনি চিন্তাশীল এবং শাস্ত্রজ্ঞ। তাঁর কাছে এই দৃশ্যমান জগৎ অনিত্য। তাঁর আগ্রহ একটিমাত্র বস্তুকে কেন্দ্র করে, তা হল আত্মজ্ঞান লাভ করা। উচ্চকোটির মানুষ অর্থাৎ যাঁরা প্রকৃত সন্ন্যাসী কেবলমাত্র তাঁরাই এই আত্মজ্ঞান লাভে সক্ষম।