পঞ্চবিংশক ইত্যেকে ষড়্বিংশ ইতি চাপরে।
একত্রিংশক ইত্যাহুরনন্ত ইতি চাপরে॥২৬
অন্বয়: একে (কিছু ব্যক্তি [সাংখ্য দার্শনিকরা]); পঞ্চবিংশকঃ ইতি (এই দৃশ্যমান জগতের পঁচিশটি অংশ : প্রকৃতি, মহৎ [সমষ্টি মন], অহংকার [অহংবোধ], পাঁচটি তন্মাত্র [সূক্ষ্ম উপাদান], পাঁচটি স্থূল উপাদান, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় [মন এবং পুরুষ, পুরুষ যিনি সাক্ষীমাত্র]); অপরে (অন্যেরা [যেমন, পাতঞ্জলি গোষ্ঠী]); ষড়্বিংশ [২৬] ইতি (এই জগতের ছাব্বিশটি অংশ [সাংখ্যের পঁচিশটি ও ঈশ্বর]); আহুঃ ইতি (অন্য গোষ্ঠী বলেন); একত্রিংশকঃ (সংখ্যাটি একত্রিশ); অনন্তঃ ইতি চ অপরে (আরও অন্য এক দল বলেন সংখ্যাটি গণনার অতীত)।
সরলার্থ: সাংখ্যমতে, এই দৃশ্যমান জগৎ সত্য এবং এই জগতের পঁচিশটি অংশ। পাতঞ্জলি গোষ্ঠীর মতে এই সংখ্যা ছাব্বিশ। কারও কারও মতে এই সংখ্যা একত্রিশ। আবার কারও মতে এই সংখ্যা গণনার অতীত।