সূক্ষ্ম ইতি সূক্ষ্মবিদঃ স্থূল ইতি চ তদ্বিদঃ।
মূর্ত ইতি মূর্তবিদোঽমূর্ত ইতি চ তদ্বিদঃ॥২৩
অন্বয়: সূক্ষ্মবিদঃ সূক্ষ্মঃ ইতি (কিছু মানুষ মনে করেন আত্মা অণুর মতোই ছোট); স্থূলঃ ইতি তদ্বিদঃ (অন্যেরা মনে করেন আত্মা আমাদের শরীরের মতোই বড় [এঁরা জড়বাদী]); মূর্তঃ ইতি মূর্তবিদঃ (অন্য আর এক গোষ্ঠী মনে করেন সাকার উপাসনাই পরম সত্য [যেমন, শৈবদের মতে পরম সত্য যেন শিব, যিনি ত্রিশূলধারী ও ষাঁড়ের উপর বসে আছেন]); অমূর্তঃ ইতি তদ্বিদঃ (আবার আর একদল মানুষ মনে করেন পরম সত্য হল শূন্য [এঁরা শূন্যবাদী])।
সরলার্থ: কিছু মানুষ মনে করেন, আত্মা খুবই সূক্ষ্ম, যেন একটি অণু। আবার অনেকের মতে আত্মা স্থূলস্বভাবের। তাঁদের মতে আমাদের এই শরীরই আত্মা এবং শরীরই পরম সত্য। এঁরা লোকায়ত দার্শনিক বা জড়বাদী। অপর আর এক গোষ্ঠী মনে করেন পরম সত্য হল তাঁদের উপাস্য দেবদেবী, যেমন শিব—যাঁর হাতে ত্রিশূল ও যিনি ষাঁড়ের উপর বসে আছেন। আবার এমন ব্যক্তিও আছেন যাঁরা পরম সত্যকে নিরাকার (দেহহীন), নির্গুণ (গুণ বা উপাধিবিহীন) বলে মনে করেন। তাঁদের কাছে পরম সত্য কিছুই নয়, শূন্যমাত্র।