অনিশ্চিতা যথা রজ্জুরন্ধকারে বিকল্পিতা।
সর্পধারাদিভির্ভাবৈস্তদ্বদাত্মা বিকল্পিতঃ॥১৭
অন্বয়: অন্ধকারে অনিশ্চিতা (অন্ধকারে অনিশ্চিত); রজ্জুঃ (দড়ি); সর্পধারাদিভির্ভাবৈঃ (সাপ, জলধারা বা এই ধরনের অন্যান্য বস্তুর মতো); বিকল্পিতা (ভুল ধারণা করা হয় [পৃথক বস্তু হিসাবে]); তদ্বৎ (একইভাবে); আত্মা (পরমাত্মা); বিকল্পিতঃ ([জীবাত্মারূপে যিনি সুখ-দুঃখ ইত্যাদি নানা অভিজ্ঞতা লাভ করেন] কল্পনা করা হয়)।
সরলার্থ: অন্ধকার জায়গায় কোন দড়ি দেখে আমরা অনেক সময়ই সাপ বা জলধারা বা এই ধরনের কোন বস্তু বলে ভুল করে থাকি। এ সবই আমাদের মনের ভুল। ঠিক একইভাবে, আমরা পরমাত্মাকে (যিনি শুদ্ধ চৈতন্যস্বরূপ) কর্তা হিসাবে অথবা আমাদেরই মতো সুখী বা দুঃখী ব্যক্তি বলে মনে করে থাকি। কিন্তু এও আমাদের মনের ভুল।
ব্যাখ্যা: আমরা এরকম ভুল করি কেন? আমরা ব্রহ্মকে দেখতে পাই না কেন? আমরা পুরুষ, স্ত্রী, পশুপাখি, গাছপালা ইত্যাদি নানারকমের জিনিস দেখতে পাই। কিন্তু আমরা আত্মাকে দেখতে পাই না কেন? এখানে গৌড়পাদ বলছেন, ধরা যাক, অন্ধকার রাস্তায় একটি দড়ি পড়ে আছে। আমি ওটাকে দড়ি বলে চিনতে পারছি না। মনে করছি ওটা সাপ বা ঐ জাতীয় কোন কিছু। ঠিক একইভাবে, অজ্ঞানতার অন্ধকারের জন্য আমরা আমাদের নিজ আত্মাকে দেখতে পাই না।