বিশ্বস্যাত্ববিবক্ষায়ামাদিসামান্যমুৎকটম্।
মাত্ৰাসংপ্রতিপত্তৌ স্যাদাপ্তিসামান্যমেব চ॥১৯
অন্বয়: বিশ্বস্য (বিশ্বরূপে পরিচিত ব্রহ্ম); অত্ব বিবক্ষায়াম্ (বিশ্ব ‘অ’-এর অনুরূপ তা বোঝাবার জন্য); আদিসামান্যম্ উৎকটম্ (এ কথাটি স্পষ্ট যে তারা উভয়েই প্রথম); [বিশ্বস্য] মাত্রা-সংপ্রতিপত্তৌ (এটি দেখানো যে তারা [বিশ্ব ও মাত্রা] সদৃশ); চ আপ্তি সামান্য (ব্যাপকতা এদের সাধারণ বৈশিষ্ট্য); স্যাৎ (সেটিও ওখানে আছে)।
সরলার্থ: বিশ্ব হল প্রথম অবস্থা, বর্ণের মধ্যে অ-কারও প্রথম। যেহেতু উভয়েই প্রথম সেহেতু তারা এক এবং অভিন্ন। বিশ্বকে যদি অ (মাত্রা)-রূপে মনে করা হয় তবে এদের মধ্যে ব্যাপকতার সাদৃশ্যটি লক্ষ্য করা যায়।
ব্যাখ্যা: আত্মার প্রথম অবস্থা হল জাগ্রত অবস্থা, যা বিশ্ব বলে পরিচিত। এই অবস্থায় আত্মা সমগ্র জগৎ জুড়ে অবস্থান করেন। আবার বর্ণমালার প্রথম বর্ণটি ‘অ’। আর প্রতিটি বর্ণের মধ্যে এই ‘অ’-কার রয়েছে। তাই এটি সর্বব্যাপী।
এইভাবে বিশ্ব এবং অ-কার উভয়ই প্রথম ও সর্বব্যাপী। সুতরাং এরা এক ও অভিন্ন।