কার্যকারণবদ্ধৌ তাবিষ্যেতে বিশ্বতৈজসৌ।
প্রাজ্ঞঃ কারণবদ্ধস্তু দ্বৌ তৌ তুর্যে ন সিধ্যতঃ॥১১
অন্বয়: তৌ (ঐ দুটি); বিশ্বতৈজসৌ (বিশ্ব এবং তৈজস); কার্যকারণবদ্ধৌ (কার্য-কারণ নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত); ইষ্যেতে ([প্রাজ্ঞ ব্যক্তি দ্বারা] একথা স্বীকৃত); প্রাজ্ঞঃ তু কারণবদ্ধঃ (প্রাজ্ঞ কিন্তু কারণজাত বলেই বদ্ধ); তৌ দ্ধৌ (এ দুটি [কার্য এবং কারণ]); তুর্যে (তুরীয় অবস্থায়); ন সিধ্যতঃ (প্রযোজ্য নয়)।
সরলার্থ: বিশ্ব এবং তৈজস, উভয়ই কার্য-কারণ নিয়মে নিয়ন্ত্রিত—জ্ঞানী ব্যক্তিমাত্রই একথা স্বীকার করেন। প্রাজ্ঞ কিন্তু শুধুমাত্র জন্মসূত্রেই কারণবদ্ধ। কিন্তু কার্য-কারণের কোনটিই তুরীয় অবস্থায় প্রযোজ্য নয়।
ব্যাখ্যা: তুরীয় যে এক বিশেষ অবস্থা, সেকথাই এখানে উল্লেখ করা হয়েছে। বিশ্ব, তৈজস এবং প্রাজ্ঞ—এই অবস্থাগুলি নিরপেক্ষ নয়, কিন্তু তুরীয় নিরপেক্ষ। প্রথম তিনটি অবস্থা অবিদ্যাপ্রসূত। কিন্তু তুরীয় স্বয়ং চৈতন্যস্বরূপ। এই অবস্থায় অজ্ঞানতা ও তার যাবতীয় আনুষঙ্গিক ঘটনা দূরীভূত হয়। অজ্ঞানতার প্রভাব প্রাজ্ঞ স্তর পর্যন্ত। সূর্যের আলোতে যেমন সকল অন্ধকারের অবসান ঘটে ঠিক তেমনি কোন মানুষ তুরীয় অবস্থা প্রাপ্ত হলে তাঁর সমস্ত অজ্ঞানতা দূর হয়ে যায়।