য এষ সুপ্তেষু জাগর্তি কামং কামং পুরুষো নির্মিমাণঃ ।
তদেব শুক্রং তদ্ ব্রহ্ম তদেবামৃতমুচ্যতে ॥
তস্মিঁল্লোকাঃ শ্রিতাঃ সর্বে তদু নাত্যেতি কশ্চন । এতদ্বৈ তৎ ॥ ৮॥
ব্যাখ্যা—জীব সকলের নিদ্রাকালে অর্থাৎ প্রলয়কালে জীবের সমস্ত চেতনা অবলুপ্ত হয়ে যাবার পরও জীবাত্মার কর্মানুযায়ী ভোগের নিমিত্ত বিভিন্ন সামগ্রীর সৃষ্টিকর্তা তথা তাদের সর্ববিধ জীবনধারণের ব্যবস্থাপক যে পরমপুরুষ, তিনি নিজ মহিমায় সর্বদা জাগ্রত থাকেন । যিনি স্বয়ং জ্ঞানস্বরূপ, যাঁর জ্ঞান সর্বদাই একরস, কখনো বিলুপ্ত বা হ্রাস-বৃদ্ধি হয় না তিনিই পরম বিশুদ্ধ দিব্যতত্ত্ব, তিনিই পরব্রহ্ম, তাঁকেই জ্ঞানী পুরুষেরা পরম অমৃতস্বরূপ পরমানন্দ বলেন । এই সম্পূর্ণ লোকাদি তাঁরই আশ্রিত । তাঁকে বা তাঁর নিয়মকে কেউই অতিক্রম করতে পারে না । সমস্ত কিছু তাঁর বশীভূত, আর তাঁরই শাসনে পরিচালিত । এমন কেউ নেই যে তাঁর মহিমার সীমা বলে দিতে পারে । এই সেই ব্রহ্মতত্ত্ব যা তুমি জানতে চেয়েছ ॥ ৮ ॥
সম্বন্ধ—এখন যমরাজ অগ্নির উদাহরণ দিয়ে পরব্রহ্ম পরমেশ্বরের ব্যাপকতা ও নির্লিপ্ততার বর্ণনা করছেন—