ঊর্ধ্বং প্রাণমুন্নয়ত্যপানং প্রত্যগস্যতি ।
মধ্যে বামনমাসীনং বিশ্বে দেবা উপাসতে ॥ ৩ ॥
ব্যাখ্যা—শরীরের ভিতরে সর্বদা প্রাণ-অপানাদি পঞ্চবায়ুর ক্রিয়া চলছে । এই জড়দেহের মধ্যে যে ক্রিয়াশীলতা রয়েছে তা ওই পরমাত্মার শক্তি এবং প্রেরণায় সম্পাদিত হচ্ছে । তিনিই মানুষের হৃদয়ে অধিপতিরূপে স্থিত হয়ে প্রাণবায়ুকে ঊর্ধ্বগামী এবং অপানবায়ুকে নিম্নগামী করছেন । এইভাবে শরীরের মধ্যে যত রকমের ক্রিয়াশীলতা সবই তিনি যথাযথভাবে সম্পাদন করছেন । হৃদয় মধ্যে বিরাজমান সেই অঙ্গুষ্ঠ প্রমাণ পরমাত্মাকে সকল দেবতা উপাসনা করেন—শরীরস্থিত প্রাণ, মন, বুদ্ধি ইন্দ্রিয়াদির অধিষ্ঠাত্রী দেবতাগণ ওই পরমেশ্বরের প্রসন্নতার জন্য তাঁরই প্রেরণা অনুসারে অহরহ সতর্কতার সঙ্গে সমস্ত কার্য যথাবিধি সম্পাদন করে চলেছেন॥ ৩ ॥