যদেবেহ তদমুত্র যদমুত্র তদন্বিহ ।
মৃত্যোঃ স মৃত্যুমাপ্নোতি য ইহ নানেব পশ্যতি ॥ ১০ ॥
ব্যাখ্যা—সর্বশক্তিমান, সর্বান্তর্যামী, সর্বরূপ, সমস্ত কিছুর একমাত্র কারণ পরব্রহ্ম পুরুষোত্তম—যিনি এখানে, এই পৃথিবীতে রয়েছেন তিনিই পরলোকে, অর্থাৎ দেব, গন্ধর্ব আদি বিভিন্ন লোকেও রয়েছেন । একই পরমাত্মা অখিল ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত হয়ে আছেন । যে ওই অদ্বয় ব্রহ্মকে লীলাবশে নানা নামে এবং নানা রূপে প্রকাশিত দেখেও মোহ বশে তাতে নানাত্বের কল্পনা করে—তাকে বারংবার মৃত্যুর অধীন হতে হয় অর্থাৎ তার জন্মমরণ চক্রের নাশ হয় না । অতএব দৃঢ়তার সঙ্গে স্বীকার করতে হবে যে, সেই একই পরব্রহ্ম পরমেশ্বর আপন অচিন্ত্য শক্তিদ্বারা নানারূপে প্রকাশমান আর এই সমগ্র জগৎ অন্তর-বাহিরে ওই একই পরমাত্মার দ্বারা ব্যাপ্ত হওয়ায় বাস্তবে তাঁরই স্বরূপ॥ ১০ ॥