ন নরেণাবরেণ প্রোক্ত এষ সুবিজ্ঞেয়ো বহুধা চিন্ত্যমানঃ ।
অনন্যপ্রোক্তে গতিরত্র নাস্তি অণীয়ান্ হ্যতর্ক্যমণুপ্রমাণাৎ ॥ ৮ ॥
ব্যাখ্যা—প্রকৃতি পর্যন্ত যত রকম সূক্ষ্মাতিসূক্ষ্ম তত্ত্ব আছে, এই আত্মতত্ত্ব তাদের সকলের থেকে আরও সূক্ষ্ম । এই বিষয় এতই রহস্যপূর্ণ যে যতক্ষণ পর্যন্ত না এ বিষয়ে যথার্থ জ্ঞানী মহাপুুরুষের কাছে উপদেশ পাওয়া যাচ্ছে ততক্ষণ মানুষের এ তত্ত্বে প্রবেশ করা অত্যন্ত দুরূহ । অল্পজ্ঞ সাধারণ ব্যক্তি যদি এ সম্বন্ধে বক্তৃতা করে, আর সেই মতো কেউ সারাজীবন নানাভাবে এই তত্ত্বের জ্ঞানলাভের চেষ্টা করে যায়, তো তার কোনোদিনই আত্মজ্ঞান লাভ হয় না, এ বিষয় কিঞ্চিত্মাত্রও বোধগম্য হয় না । আবার অপরের কাছে উপদেশ না নিয়ে কেবল নিজে নিজেই সতর্ক বিচার করেও কেউ এই আত্মতত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না । অতএব উপদেশ শোনা অবশ্য কর্তব্য ; কিন্তু তাঁর নিকটেই শ্রবণ করা উচিত যিনি এ বিষয়ে যথার্থ জ্ঞানী মহাত্মা । তাহলেই সকল তর্কের অতীত এই গূঢ় বিষয়কে জানা সম্ভব॥ ৮ ॥