শ্রবণায়াপি বহুভির্যো ন লভ্যঃ শৃণ্বন্তোঽপি বহবো যং ন বিদ্যুঃ ।
আশ্চর্যো বক্তা কুশলোঽস্য লব্ধাঽঽশ্চর্যো জ্ঞাতা কুশলানুশিষ্টঃ ॥ ৭॥
ব্যাখ্যা—আত্মতত্ত্ব যে কত দুর্লভ তা জানাবার জন্য যমরাজ বললেন—আত্মতত্ত্ব সাধারণ বিষয় নয় । জগতে অধিকাংশ মানুষের সারাজীবনে আত্ম-তত্ত্বের কথা শোনার সুযোগ-ই হয় না । তারা এমন পরিবেশে বাস করে যে, সকাল হলেই ঘুম ভাঙার পর থেকে রাত্রে শুতে যাবার সময় পর্যন্ত কেবলমাত্র বিষয়াদির চিন্তা তাদের ঘিরে থাকে, ফলে মন চব্বিশ ঘন্টা বিষয়ে ডুবে থাকে । আত্মতত্ত্ব শোনার বা বোঝার মতো কোনো চিন্তাই তাদের মনে আসে না এবং কথায় কথায় আলোচনা প্রসঙ্গে যদি এই সব বিষয় এসে যায় তো বিষয় ভোগের কথা ছেড়ে তাদের এসব শোনার অবকাশ থাকে না । কিছু লোক এমন আছে যে, এই বিষয় শোনা বা বোঝা কল্যাণকর মনে করে ভালোভাবে শোনে কিন্তু বিষয়াসক্ত মনে ভালো করে ধারণা করতে পারে না কিংবা মন্দ বুদ্ধির জন্য বুঝে উঠতে পারে না । যে সকল বুদ্ধিমান ব্যক্তি এই তত্ত্ব বুঝতে পারে, তাদের মধ্যেও এই রকম ব্যক্তি খুবই দুর্লভ যারা এই আত্মতত্ত্বকে যথার্থভাবে বর্ণনা করতে পারে । আর এমন মানুষ তো বহু জনের মধ্যে দু-একজনই হন, যাঁরা এই জ্ঞান লাভ করে নিজেদের জীবনকে ধন্য করেন । আর যথার্থভাবে অনুভূতিসম্পন্ন তথা বর্ণনা করতে সক্ষম এমন আত্মদর্শী আচার্যের নিকট উপদেশ লাভ করে সেই অনুসারে মনন-নিদিধ্যাসন করে সেই তত্ত্ব অনুভব করার মতো মানুষ এ জগতে খুবই বিরল । অতএব এই আত্মতত্ত্বের বিষয় যেমন দুর্লভ তেমনি এর বক্তা, শ্রোতা, জ্ঞাতা, বোদ্ধা সবই খুব দুর্লভ॥ ৭ ॥
সম্বন্ধ—এই আত্মজ্ঞান কেন দুর্লভ—তার কারণ জানাচ্ছেন—