ন সাম্পরায়ঃ প্রতিভাতি বালং প্রমাদ্যন্তং বিত্তমোহেন মূঢ়ম্ ।
অয়ং লোকো নাস্তি পর ইতি মানী পুনঃ পুনর্বশমাপদ্যতে মে ॥ ৬ ॥
ব্যাখ্যা—মানব জীবনের মহত্ত্ব যারা বোঝে না, সেই সব অহংকারী মানুষ সর্বদা সাংসারিক ভোগ-সুখের নিমিত্ত ধনসম্পত্তির মোহে মুগ্ধ হয়ে থাকে । অতএব ভোগে আসক্ত হয়ে তারা প্রমাদবশত নিজেদের খুশিমতো মনগড়া আচরণ করতে থাকে । তারা পরলোকে অবিশ্বাস করে । তাদের মনে এই চিন্তার উদয় হয় না যে, মরণের পর আমাকে নিজের কর্মফল ভোগ করার জন্যে বাধ্য হয়ে বারংবার বিভিন্ন যোনিতে জন্ম নিতে হবে । ওই সব মূর্খের দল এই বিশ্বাসে থাকে যে, যা কিছু চোখে দেখা যায় তাই একমাত্র সত্যি, এরই সত্তা আছে । ইহলোকই একমাত্র লোক, এছাড়া পরলোক বলে কিছু নেই । পরলোক কে দেখেছে, সেটি তো মানুষের অলীক কল্পনা মাত্র । এখানে যত খুশি বিষয় ভোগ করা যায় ততই বুদ্ধিমানের কাজ । এইরকম যাদের চিন্তা, তারা বারবার মৃত্যুর ফাঁদে পড়ে, আর নিজেদের কর্ম অনুসারে বিভিন্ন যোনিতে আসা-যাওয়া করে । তাদের জন্ম-মৃত্যু চক্র কোনো দিন বন্ধ হয় না॥ ৬ ॥
সম্বন্ধ—এইরূপ বিষয়াসক্ত, একমাত্র প্রত্যেক্ষেই বিশ্বাসী মূর্খদের নিন্দা করে এখন যমরাজ আত্মতত্ত্ব, তার জ্ঞাতা, বোদ্ধা তথা বক্তা-পুরুষের দুর্লভতার কথা জানাচ্ছেন—