অবিদ্যায়ামন্তরে বর্তমানাঃ স্বয়ং ধীরাঃ পণ্ডিতম্মন্যমানাঃ ।
দন্দ্রম্যমাণাঃ পরিয়ন্তি মূঢ়া অন্ধেনৈব নীয়মানা যথান্ধাঃ ॥ ৫ ॥(১)
(১)এই মন্ত্র মুণ্ডকোপনিষদে (১ ।২ ।৮)-ও রয়েছে ।
ব্যাখ্যা—অন্ধকে পথ দেখাবার জন্য যখন আর এক অন্ধ এগিয়ে আসে তখন যেমন নির্দিষ্ট জায়গায় না পৌঁছে তারা রাস্তায় হোঁচট খেতে খেতে ঘুরে মরে আর পায়ে কাঁটা-খোঁচা ঢুকে কিংবা খানা-খন্দে পড়ে অথবা কোনো পাথরে, দেওয়ালে ধাক্কা লেগে, বা কোনো জন্তুর কামড় খেয়ে নানা রকম যন্ত্রণায় ভোগে, সেই রকমই ওই মূর্খগণও পশু, পাখি, কীট, পতঙ্গ আদি নানা রকম কষ্টদায়ক যোনিতে এবং নরকাদিতে কষ্ট ভোগ করে—অনন্ত জন্ম ধরে অনন্ত যন্ত্রণায় ছটফট করতে থাকে । যে নিজেকে খুব বুদ্ধিমান আর মহা বিদ্বান মনে করে, বিদ্যা বুদ্ধির মিথ্যা অহংকারে শাস্ত্র এবং মহাপুুরুষদের বাণীর কোনো মূল্য না দিয়ে তাদের অবহেলা করে, আর প্রত্যক্ষ সুখরূপ মিথ্যা ভোগের প্রতি আসক্ত থেকে সেগুলি পাওয়ার জন্য উদ্গ্রীব হয়, সে দুর্লভ মনুষ্য-জীবনের অমূল্য সময় বৃথাই নষ্ট করে॥ ৫ ॥