অনুপশ্য যথা পূর্বে প্রতিপশ্য তথাপরে ।
সস্যমিব মর্ত্যঃ পচ্যতে সস্যমিবাজায়তে পুনঃ ॥ ৬ ॥
ব্যাখ্যা—শুনুন পিতা ! আপনি পিতামহ আদি পূর্বপুরুষদের আচরণ দেখুন আর বর্তমান কালের অন্যান্য শ্রেষ্ঠ ব্যক্তিদের আচরণও দেখুন তাঁদের জীবনে আগেও কোনো দিন অসত্য স্থান পেত না, এখনও পায় না । অসাধুদের মধ্যেই অসত্যের আচরণ দেখা যায় কিন্তু সেই অসত্য দ্বারা কেউ আজ পর্যন্ত অজর অমর হতে পারেননি । মানুষ মরণশীল । তারা শস্যাদি উদ্ভিদের মতো জন্মগ্রহণ করে আবার শস্যাদির মতোই একদিন জরাজীর্ণ হয়ে ধ্বংস প্রাপ্ত হয় । আর কর্মবশে এ সকল অবশ্যম্ভাবী ॥ ৬ ॥
সম্বন্ধ—অতএব এই অনিত্য জীবনের জন্যে কোনোদিন কর্তব্য ত্যাগ করে মিথ্যার আশ্রয় নেওয়া উচিত নয় । আপনি এবিষয়ে কোনো দুঃখ করবেন না, আর আপনার সত্য রক্ষার জন্যে আমাকে যমের নিকট যাবার অনুমতি দিন । পুত্রের কথা শুনে উদ্দালকের ভীষণ দুঃখ হল কিন্তু নচিকেতার সত্যপরায়ণতা দেখে তিনি নচিকেতাকে যমরাজের কাছে যাবার অনুমতি দিলেন ।
নচিকেতা যমালয়ে যখন গেলেন তখন জানতে পারলেন যে যমরাজ গৃহে নেই কার্যান্তরে বাইরে কোথাও গিয়েছেন । অতএব নচিকেতা যমরাজের ফিরে না আসা পর্যন্ত তিন দিন তিন রাত্রি অন্নজল গ্রহণ না করে তাঁর প্রতীক্ষায় রইলেন । তারপর যমরাজ ফিরে এলে যমপত্নী তাঁকে বললেন—