এতত্তুল্যং যদি মন্যসে বরং বৃণীষ্ব বিত্তং চিরজীবিকাং চ ।
মহাভূমৌ নচিকেতস্ত্বমেধি কামানাং ত্বা কামভাজং করোমি ॥ ২৪॥
ব্যাখ্যা—হে নচিকেতা ! যদি তুমি প্রচুর ধন রত্ন, দীর্ঘ জীবনের উপযুক্ত জীবিকাস্বরূপ সুখসম্পদ অথবা আরও আরও যত সুখ মানুষ ভোগ করতে পারে—সম্মিলিতভাবে সেই সুখকে ওই আত্মতত্ত্ব বিষয়ক বরের সমতুল্য বিবেচনা করো, তবে সে সব আমার কাছে চেয়ে নাও । আমি তোমাকে এই সসাগরা পৃথিবীর সম্রাট করে দিচ্ছি আর তোমাকে এই পৃথিবীতে যত রকমের সুখ-ভোগ আছে সে সবের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোগগুলির অধিকারী করে দিচ্ছি ।
এইভাবে যমরাজ বাক্পটুতার দ্বারা আত্মতত্ত্বের মহত্ত্বই প্রকারান্তরে প্রচার করার জন্য নচিকেতাকে এক বিশাল ভোগের প্রলোভন দিতে লাগলেন॥ ২৪ ॥
সম্বন্ধ—এত সবেও যখন নচিকেতা নিজের প্রার্থনায় অটল রইলেন তখন যমরাজ তাঁকে স্বর্গের দেবভোগ্য সম্পদের প্রলোভন দিয়ে পুনরায় বললেন—