দেবৈরত্রাপি বিচিকিৎসিতং কিল ত্বং চ মৃত্যো যন্ন সুবিজ্ঞেয়মাত্থ ।
বক্তা চাস্য ত্বাদৃগন্যো ন লভ্যো নান্যো বরস্তুল্য এতস্য কশ্চিৎ ॥ ২২ ॥
ব্যাখ্যা—হে মৃত্যুদেব ! আপনি বলছেন, পূর্বকালে দেবতারাও এ বিষয়ে বহু তর্ক-বিচার করেছিলেন, তবু তারা এ বিষয়ে কিছু বুঝতে পারেননি, আর এই বিষয়টি অতিশয় কঠিন এবং সূক্ষ্ম । অতএব এটি নিশ্চিত যে এই তত্ত্ব অতিশয় মূল্যবান । সুতরাং এমন মহত্ত্বপূর্ণ বিষয়ের উপদেষ্টা আপনার সমকক্ষ আমি খুঁজলেও দ্বিতীয়টি কাউকে পাব না । আপনি বলছেন এই বরের পরিবর্তে অন্য কোনো বর প্রার্থনা করতে । কিন্তু আমার তো মনে হয় এর সমকক্ষ আর কোনো বরই থাকতে পারে না । অতএব অনুগ্রহ করে আপনি আমাকে এ বিষয়েরই উপদেশ দিন॥ ২২ ॥
সম্বন্ধ—বিষয়টি জটিল শুনেও নচিকেতা যখন ভয় পেলেন না এবং নিজের দাবি থেকে এক চুলও নড়লেন না, তখন তিনি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হলেন । এবার যমরাজ পুনরায় পরীক্ষার জন্য তাঁর সামনে নানা রকম প্রলোভনের বিষয় তুলে ধরে তাঁকে নিরস্ত করার প্রয়াস করলেন—