দেবৈরত্রাপি বিচিকিৎসিতং পুরা ন হি সুবিজ্ঞেয়মণুরেষ ধর্মঃ ।
অন্যং বরং নচিকেতো বৃণীষ্ব মা মোপরোৎসীরতি মা সৃজৈনম্ ॥ ২১॥
ব্যাখ্যা—‘নচিকেতা ! এই আত্মতত্ত্ব অতি সূক্ষ্ম বিষয় । এই তত্ত্ব বোঝা অতীব কঠিন । এ বিষয়ে পূর্বে দেবতাদেরও সংশয় ছিল । তাঁরাও এ বিষয়ে বহু যুক্তি, তর্ক করেছেন, কিন্তু যথার্থভাবে বুঝতে পারেননি । অতএব তুমি অন্য বর প্রার্থনা করো । আমি তোমাকে তিনটি বর দেবার প্রতিশ্রুতি দিয়েছি, সুতরাং এ বিষয়ে তোমার কাছে আমি ঋণী । তুমি এই প্রশ্নটির উত্তর পাওয়ার জন্য, মহাজন যেমন ঋণী ব্যক্তিকে চাপ দেয়, সেইরকম আমাকে চাপ দিও না । এই আত্মতত্ত্ব বিষয়ক বরের প্রার্থনা ফিরিয়ে নাও । আমার কথা ভেবে এই বরের আকাঙ্ক্ষা তুমি ত্যাগ করো । অন্য বর চেয়ে নাও॥ ২১ ॥
সম্বন্ধ—নচিকেতা আত্মতত্ত্বের কঠিনতার কথা শুনে এতটুকুও বিচলিত হলেন না । এ বিষয়ে তাঁর ঔৎসুক্য কমে যাওয়ার পরিবর্তে বরং বেড়ে গেল । তিনি আরও দৃঢ়তার সঙ্গে বললেন—