ওঁ উশন্ হ বৈ বাজশ্রবসঃ সর্ববেদসং দদৌ । তস্য হ নচিকেতা নাম পুত্র আস ॥ ১ ॥
ব্যাখ্যা—গ্রন্থের প্রারম্ভে পরমাত্মার নাম স্মরণ করা মঙ্গলদায়ী । তাই এখানে সর্বপ্রথম ওঁ-কার এর উচ্চারণ করে উপনিষদের আরম্ভ করা হয়েছে । এই কাহিনী সেই সময়ের যে কালে ভারতবর্ষের পবিত্র আকাশ যজ্ঞোত্থিত ধূম এবং তার পবিত্র সুগন্ধে ভরপুর থাকত, ত্যাগী মুনি, ঋষিদের দ্বারা গীত বেদমন্ত্রের দিব্য ধ্বনি দশদিক মুখরিত করত ।
গৌতম বংশীয় বাজশ্রবার পুত্র অথবা প্রচুর অন্নদানহেতু যশস্বী (বাজ=অন্ন, শ্রব=কীর্তি বা যশ) মহর্ষি অরুণের পুত্র উদ্দালক ঋষি ফল কামনা করে ‘বিশ্বজিৎ’ নামক একটি মহাযজ্ঞের অনুষ্ঠান করেছিলেন । এই ‘বিশ্বজিৎ’ যজ্ঞে যজ্ঞকারীকে তাঁর সমস্ত সম্পদ ব্রাহ্মণদের দান করতে হয় । অতএব ঋষি উদ্দালকও তাঁর সমস্ত ধন ঋত্বিক এবং অন্যান্য ব্রাহ্মণদের দক্ষিণাস্বরূপ দান করেছিলেন । ঋষি উদ্দালকের নচিকেতা নামে একটি পুত্র ছিল॥ ১ ॥