লোকাদিমগ্নিং তমুবাচ তস্মৈ যা ইষ্টকা যাবতীর্বা যথা বা ।
স চাপি তৎপ্রত্যবদদ্ যথোক্তমথাস্য মৃত্যুঃ পুনরেবাহ তুষ্টঃ ॥ ১৫ ॥
ব্যাখ্যা—উপরিউক্ত প্রকারে অগ্নিবিদ্যার মহত্ত্ব এবং গোপনীয়তা বর্ণনা করার পর যমরাজ স্বর্গপ্রাপ্তির কারণরূপা অগ্নিবিদ্যার রহস্য তাঁকে বুঝিয়ে বললেন । ওই যজ্ঞের অগ্নিকুণ্ড কিভাবে নির্মাণ করতে হবে, কত সংখ্যক এবং কিরূপ আকারের ইট প্রয়োজন, কিভাবে অগ্নি চয়ন করতে হবে, সমস্তই সঠিকভাবে বুঝিয়ে দিলেন । তারপর নচিকেতার বুদ্ধি, স্মরণ শক্তি, বিদ্যার্জনের যোগ্যতা পরীক্ষা করবার জন্যে যমরাজ তাঁকে জিজ্ঞাসা করলেন—‘তুমি এ বিষয়ে আমার মুখে যা শুনলে এবং যা বুঝলে আমাকে সেগুলি পুনরায় আনুপূর্বিক শোনাও ।’ তীক্ষ্ণধী নচিকেতা যমরাজের মুখ থেকে অগ্নিবিদ্যার তত্ত্ব এবং রহস্য, কুণ্ড নির্মাণের প্রণালী এবং অগ্নি চয়নবিধি, মনোযোগ দিয়ে শুনে এবং নিজে যেমনটি বুঝেছিলেন তা হুবহু যমরাজকে আবৃত্তি করে শুনিয়ে দিলেন । যমরাজ নচিকেতারএইরূপ স্মরণ শক্তি এবং প্রতিভা দেখে খুবই সন্তষ্ট হলেন এবং বললেন॥ ১৫ ॥