স্বর্গে লোকে ন ভয়ং কিঞ্চনাস্তি ন তত্র ত্বং ন জরয়া বিভেতি ।
উভে তীর্ত্বাঽশনায়াপিপাসে শোকাতিগো মোদতে স্বর্গলোকে॥ ১২ ॥
ব্যাখ্যা—আমি জানি স্বর্গলোক অতিশয় সুখদায়ক । সেখানে ভয় বলে কিছু নেই । সেখানে সকলে চিরযৌবন ভোগ করে এবং মর্ত্যে (পৃথিবী) যেমন আপনার দ্বারা মানুষের মৃত্যু অবধারিত, স্বর্গে সেই রূপ কারো মৃত্যু হয় না । সেখানকার অধিবাসিগণ মৃত্যু কাকে বলে জানে না, কাজেই সেখানে মৃত্যুজনিত কোনো কষ্টও নেই । মর্তে যেমন প্রাণী ক্ষুধা-তৃষ্ণায় কষ্ট ভোগ করে, স্বর্গে সেরূপ কোনো কষ্ট নেই । স্বর্গের অধিবাসিগণ শোক-তাপহীন হয়ে সর্বদাই আনন্দে জীবনকে উপভোগ করে । কিন্তু আমি এও জানি যে অগ্নিবিদ্যা না জানলে ওই স্বর্গলোক লাভ করা যায় না ॥ ১২ ॥
স ত্বমগ্নি ্ঁ স্বর্গ্যমধ্যেষি মৃত্যো প্রব্রূহি ত্ব ্ঁ শ্রদ্দধানায় মহ্যম্ ।
স্বর্গলোকা অমৃতত্বং ভজন্ত এতদ্ দ্বিতীয়েন বৃণে বরেণ ॥ ১৩ ॥
ব্যাখ্যা—হে মৃত্যুদেব ! আপনি ওই স্বর্গলাভের উপায়স্বরূপ অগ্নিবিদ্যার বিষয় বিশেষভাবে জানেন । আপনার প্রতি যেমন আমার পরম শ্রদ্ধা তেমনি ওই অগ্নিবিদ্যার প্রতিও আমার শ্রদ্ধা আছে । আর যেহেতু শ্রদ্ধাবান তত্ত্ব লাভের অধিকারী, সেইহেতু আপনি কৃপা করে আমাকে সেই অগ্নিবিদ্যার তত্ত্ব উপদেশ করুন, যা জানলে মানুষ স্বর্গলাভের অধিকার লাভ করে এবং স্বর্গে বসবাসকারীদের মতো অমৃতত্ব এবং দেবত্ব—উভয়ই লাভ করতে সমর্থ হয় । আমি আপনার কাছে এই দ্বিতীয় বর প্রার্থনা করি॥ ১৩ ॥
সম্বন্ধ—নচিকেতার দ্বিতীয় বর প্রার্থনায় অগ্নিবিদ্যার কথা শুনে যমরাজ অগ্নিবিদ্যার গোপনীয়তা সম্বন্ধে নচিকেতাকে বললেন—