আকাশো বৈ নাম নামরূপয়োর্নির্বহিতা তে যদন্তরা তদ্ব্রহ্ম তদমৃতং স আত্মা প্রজাপতেঃ সভাং বেশ্ম প্রপদ্যে যশোহহং ভবামি ব্রাহ্মণানাং যশো রাজ্ঞাং যশো বিশাং যশোহহমনুপ্রাপৎসি স হাহং যশসাং যশঃ শ্যেতমদৎ-কমদৎকং শ্যেতং লিন্দু মাভিগাং লিন্দু মাভিগাম্ ॥ ১
অন্বয় : আকাশঃ বৈ নাম নামরূপয়োঃ (নাম ও রূপের) নির্বহিতা (নিৰ্বাহক, প্রকাশক)। তে যৎ অন্তরা (নাম ও রূপ যাহার অভ্যন্তরে কিংবা যাহা নামরূপের অভ্যন্তরে) তৎ (তাহা) ব্রহ্ম, তৎ অমৃতম্ সঃ আত্মা। প্রজাপতেঃ (প্রজাপতির) সভাম্ বেশ্ম (সভাগৃহকে) প্রপদ্যে (প্রাপ্ত হই)। যশঃ অহম্ (আমি) ভবামি (হই) ব্রাহ্মণানাম্ (ব্রাহ্মণগণের); যশঃ রাজ্ঞাম্ (রাজগণের), যশঃ বিশাম্ (বৈশ্যগণের, বিশ্ শব্দের মৌলিক অর্থ মনুষ্য)। যশঃ (যশকে) অহম্ অনুপ্রাপৎসি (প্রাপ্ত হইয়াছি)। সঃ হ অহম্ (সেই আমি) যশসাম্ (যশসমূহের) যশঃ। শ্যেতম্ (রক্তাভ শ্বেতবর্ণ) অদৎকম্ (ন দৎকম্=দন্তরহিত) অদৎকম্ (ভক্ষণশীল, ‘অদ্’ হইতে) শ্যেতম্ লিন্দু (পিচ্ছিল, ক্লেদময়) মা (না) অভিগাম্ (যেন পাই) লিন্দু মা অভিগাম্ (দ্বিরুক্তি সমাপ্তিসূচক)।
সরলার্থ : আকাশ নামরূপের প্রকাশক; এই নাম ও রূপ যাঁহার অভ্যন্তরে (কিংবা যিনি এই নামরূপের অভ্যন্তরে), তিনিই ব্রহ্ম, তিনিই অমৃত, তিনিই আত্মা। আমি প্রজাপতির সভাগৃহে গমন করি। আমি ব্রাহ্মণগণের, রাজগণের ও বৈশ্যগণের যশলাভ করিয়াছি। আমি সমস্ত যশের যশ; আমি যেন রক্তবর্ণ, দন্তহীন অথচ ভক্ষক, পিচ্ছিল ক্লেদময় গৃহে না যাই (অর্থাৎ আমাকে যেন আবার জন্মগ্রহণ করিতে না হয়।